মহারাষ্ট্রে বড় জালিয়াতি ফাঁস! ‘লড়কি বহিন’ প্রকল্পে নারীর ছদ্মবেশে টাকা তুলছিল কারা?

পশ্চিমবঙ্গের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর পর এবার মহারাষ্ট্রের নারী কল্যাণ প্রকল্প ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কী বহিন যোজনা’-য় বড়সড় জালিয়াতি প্রকাশ্যে এসেছে। বাংলায় ভুয়ো প্রাপক রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কঠোর পদক্ষেপের আবহে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। মহারাষ্ট্র সরকারের চূড়ান্ত স্ক্রুটিনিতে দেখা গেছে, মহিলাদের জন্য বরাদ্দ সরকারি অনুদান মাসের পর মাস পকেটে পুরছিলেন প্রায় ২৯ হাজার পুরুষ। এই দুর্নীতির হাটে হাঁড়ি ভাঙতেই মোট ২ কোটি ৪৩ লক্ষ উপভোক্তার মধ্যে এক ধাক্কায় ৯২ লক্ষের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে।
সরকারি খতিয়ান অনুযায়ী, বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি আয় হওয়া সত্ত্বেও সুবিধা নেওয়া ১৬ লক্ষ এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ না করা ৬২ লক্ষ আবেদনকারীর নাম বাতিল করা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারী, বয়সসীমা লঙ্ঘনকারী এবং একই পরিবারে একাধিক সুবিধাভোগীসহ লক্ষাধিক অযোগ্য প্রাপক প্রায় ১০ মাস ধরে এই অনুদান নিচ্ছিলেন। তদন্তের পর যাচাইপ্রক্রিয়ার বিভিন্ন স্তরে জালিয়াতি ধরা পড়তেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি লক করে প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।