৮১ হাজার স্কুলে এবার মিলবে বড় চমক, রাজনৈতিক নেতাদের হটিয়ে পরিচালন সমিতিতে আসছেন অভিভাবকরাই

রাজ্যের ৮১ হাজার স্কুলের ভোলবদল এবং শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী সংস্কারের ব্লু-প্রিন্ট তৈরি করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিকাশ ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের জট খোলার পাশাপাশি আগামী ১ অগস্ট থেকে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ঘোষণা করা হয়। এই প্রকল্পের অধীনে স্কুলগুলিতে কাঠ-কয়লার বদলে গ্যাসে মিড-ডে মিল রান্না, সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। একইসঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মিড-ডে মিলের দায়িত্ব নিচ্ছে ‘ইসকন’ এবং প্রাথমিকে দৈনিক বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে।
শিক্ষাক্ষেত্রকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত করতে স্কুল পরিচালন সমিতি থেকে নেতাদের হটিয়ে অভিভাবকদের নিয়ে আসার নতুন শিক্ষাবিল আনছে রাজ্য সরকার। এছাড়া আইনি জটিলতা কাটিয়ে ওবিসি মামলার জট কেটে গেলেই দ্রুত ১২ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালকে। অন্যদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির লাগামহীন ফি বৃদ্ধি রুখতে কড়া পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এনওসি বাতিল করা হবে বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।