রাজ্যে চালু গুন্ডাদমন আইন! এক বছর বিনাবিচারে জেল আর জোড়া জরিমানা?

সোমবার রাজ্যে কার্যকর হলো ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ’ বা ‘গুন্ডাদমন’ আইন। গত ২৯ জুন বিধানসভায় পাশ হওয়া এই আইনের মাধ্যমে পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট বা ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা কঠোর পদক্ষেপ নিতে পারবেন। নতুন নিয়মে যে কোনো সমাজবিরোধীকে বিনা আইনি প্রক্রিয়ায় এক বছর পর্যন্ত আটকে রাখা যাবে। এছাড়া সরকারি কমিশনের মাধ্যমে প্রকৃত সম্পত্তির ক্ষয়ক্ষতির দ্বিগুণ পরিমাণ দৃষ্টান্তমূলক জরিমানা আদায়েরও বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।
এই আইনে তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট, বেআইনি খনি কারবার এবং ব্যবসায় বাধা দেওয়ার মতো কাজকে সমাজবিরোধী কার্যকলাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা অভ্যাসগতভাবে এসব অপরাধের সঙ্গে যুক্ত, তাদের ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের পুনরাবৃত্তি রুখতে পুলিশকে আগাম পদক্ষেপের ক্ষমতা দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, মূলত সরকারবিরোধী আন্দোলন দমন করতেই এই বিতর্কিত কালাকানুন আনা হয়েছে।