ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় আলিপুরদুয়ারে নৃশংসভাবে খুন গৃহবধূ! মৃত্যুর মুখ থেকে ফিরল শিশুকন্যা

আলিপুরদুয়ারের বীরপাড়া আইটিআই এলাকায় এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। শনিবার রাতে ফাঁকা ঘরে ঢুকে বধূকে হত্যার পাশাপাশি তাঁর সাত বছরের শিশুকন্যাকেও বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। মৃতদেহে একাধিক আঘাত ও কামড়ের দাগ মিলেছে। পরিবারের দাবি, ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়াতেই তাঁকে এমন নির্মমভাবে খুন করা হয়েছে। এই বীভৎস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রাতে এক আত্মীয় ওই বাড়িতে এসে মা ও মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। মৃতার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। উদ্ধার হওয়া আতঙ্কিত শিশুকন্যা পুলিশকে জানিয়েছে, সে ঘরে মুখে গামছা বাঁধা এক ব্যক্তিকে দেখেছিল। পুলিশের প্রাথমিক অনুমান, পরিচিত কেউ এই অপরাধের সঙ্গে জড়িত। শিশুর বয়ানের ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করে আলিপুরদুয়ার থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।