আকাশছোঁয়া দামে বিকোচ্ছে ডিম, অবশেষে কবে কমবে দাম? জানালেন পোলট্রি ফেডারেশনের সভাপতি

কলকাতায় হু হু করে বাড়ছে সাধারণ মানুষের প্রিয় প্রোটিন ডিমের দাম। গত দেড় মাসে পাইকারি ও খুচরো বাজারে ডিমের ট্রে প্রতি দাম এক ধাক্কায় প্রায় ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে, যার ফলে খুচরো দোকানে প্রতি পিস ডিমের দাম সাড়ে ৭ থেকে ৮ টাকায় পৌঁছেছে। গত ৪ জুনের পাইকারি দর ১৮৬ টাকা থেকে বেড়ে বর্তমানে ট্রে প্রতি ২২৫ টাকায় দাঁড়িয়েছে। এই আকস্মিক মূল্যবৃদ্ধির জেরে বাজারে গিয়ে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে।
ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি জানান, মুরগির খাবারের ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত গরমে মুরগির ডিম উৎপাদনের ক্ষমতা হ্রাস পাওয়াই এই দাম বাড়ার মূল কারণ। কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় চাষিদের ডিম উৎপাদনের খরচও অনেকটা বেড়ে গিয়েছে। তবে স্বস্তির খবর শুনিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে, আগামী ১৫ দিনের মধ্যে মুরগির খাবারের দাম কমতে পারে এবং তার সঙ্গেই পাল্লা দিয়ে বাজারে ডিমের দামও সাধারণের নাগালের মধ্যে চলে আসবে।