৯৬ ঘণ্টা কাজ করতে হবে না সরকারি চিকিৎসকদের! বিভ্রান্তি দূর করে কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

সরকারি হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজ করতে হবে না। রবিবার এক অনুষ্ঠানে দেওয়া নিজের বক্তব্যের এই বিভ্রান্তি দূর করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সোমবার তিনি স্পষ্ট করে জানান, চিকিৎসকদের ৯৬ ঘণ্টা ডিউটি করার কোনও সরকারি নির্দেশিকা দেওয়া হয়নি। বরং তাদের কাছে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা নিজেদের কাজের জায়গায় বা ডিউটি স্টেশনে উপস্থিত থাকেন।
অনেক চিকিৎসক দূরবর্তী হাসপাতালে পোস্টিং পেয়ে মাত্র দু-তিন দিন থেকেই নিজেদের শহরে ফিরে যান। পাশাপাশি, সরকারি ডিউটির সময়ে প্রাইভেট প্র্যাকটিস করারও বিস্তর অভিযোগ ওঠে। এই পরিস্থিতি সামাল দিতেই স্বাস্থ্যমন্ত্রী এমন কড়া বার্তা দিয়েছিলেন, যাতে প্রয়োজনে চিকিৎসকদের দ্রুত হাসপাতালে পাওয়া যায়। মন্ত্রী আরও জানিয়েছেন, এই বিষয়ে কারও কোনও প্রশ্ন বা সন্দেহ থাকলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন।