রথযাত্রায় নবদ্বীপ ও পুরী যাত্রীদের সুখবর, জেনে নিন রেলের স্পেশাল ট্রেনের সময়সূচি!

রথযাত্রা ও উল্টোরথ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে নবদ্বীপ ও পুরী রুটে বিশেষ ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেল। আগামী ১৬ ও ২৪ জুলাই হাওড়া-নবদ্বীপ ধামের মধ্যে এক জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চলবে। স্পেশাল লোকালটি হাওড়া থেকে সকাল ৯টা ৩২ মিনিটে ছেড়ে দুপুর ১২টায় নবদ্বীপ পৌঁছবে। ফিরতি পথে ট্রেনটি নবদ্বীপ থেকে দুপুর ২টো ৩০ মিনিটে রওনা দিয়ে বিকেল ৫টায় হাওড়া আসবে। যাত্রাপথে সমস্ত স্টেশনেই ট্রেনটি থামবে।
পাশাপাশি, পুরীর পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে কলকাতা ও মালদা টাউন থেকেও স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকছে। নির্দিষ্ট দিনগুলিতে কলকাতা-খুরদা রোড স্পেশাল ট্রেন রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে। উত্তরবঙ্গের যাত্রীদের জন্য ১৪ ও ২২ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে পুরী স্পেশাল ট্রেন ছাড়বে এবং ১৭ ও ২৫ জুলাই সেটি পুরী থেকে ফিরে আসবে। এসি ও স্লিপারযুক্ত এই ট্রেনগুলি যাত্রীদের রথযাত্রার ভ্রমণকে আরও সুগম করবে।