২৩ লাখি চাকরি ছেড়ে ক্যাবে বসেই ইউপিএসসি প্রস্তুতি, সংসার সামলে কীভাবে আইএএস হলেন কাজল?

বার্ষিক ২৩ লাখ টাকার লোভনীয় কর্পোরেট চাকরি এবং ভরা সংসার সামলেও যে স্বপ্নপূরণ করা সম্ভব, তা প্রমাণ করেছেন কাজল জাওলা। উত্তরপ্রদেশের মীরাটের বাসিন্দা কাজল গুরুগ্রামের একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। বাবার অনুপ্রেরণা ও সমাজের জন্য কিছু করার তাগিদে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। প্রতিদিন ৯ ঘণ্টার ডিউটি এবং সংসার সামলে পড়ার সময় বের করা কঠিন হলেও তিনি হার মানেননি। দিল্লি থেকে গুরুগ্রাম যাতায়াতের পথে প্রতিদিন প্রায় দু’ঘণ্টা ক্যাবের মধ্যেই পড়াশোনা চালিয়ে যেতেন তিনি।
সাফল্যের এই পথ মোটেও মসৃণ ছিল না। প্রথম চারবার ইউপিএসসি পরীক্ষায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি কাজল। তিনি নিজের ভুলগুলো বিশ্লেষণ করে উত্তর লেখার কৌশলে বিশেষ জোর দেন। অবশেষে ২০১৮ সালে পঞ্চম চেষ্টায় সর্বভারতীয় স্তরে ২৮তম স্থান অধিকার করে আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করেন। বর্তমানে তিনি মধ্যপ্রদেশ ক্যাডারের একজন দক্ষ আধিকারিক হিসেবে কর্মরত এবং দেশের বহু পরীক্ষার্থীর কাছে এক অনন্য অনুপ্রেরণা।