ব্যাঙ্ককের পানশালায় মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন অন্তত ২৭ জন

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বড় পানশালায় রবিবার মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উত্তর ব্যাঙ্ককের না লাদপ্রাও পাবে হুল্লোড় চলার সময়ে হঠাৎ এই আগুন লাগে এবং নিমেষের মধ্যে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত মানুষ হুড়োহুড়ি শুরু করলেও ততক্ষণে প্রবেশ পথটি আগুনের গ্রাসে চলে যায়। দমকলের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মূলত বিষাক্ত ধোঁয়ার কারণেই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় আরও ৬৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ব্যাঙ্ককের গভর্নর এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। একজন মিউজিশিয়ান স্টেজের কাছের সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখেন এবং তারপরেই বিকট বিস্ফোরণে আগুন সিলিং পর্যন্ত ছড়িয়ে পড়ে।