১৭৯৭ সালের ঐতিহাসিক রথযাত্রা বাঁচাতে বড় পদক্ষেপ, আর্থিক সংকট কাটাতে নজিরবিহীন সাহায্য মিলল নবান্ন থেকে

১৭৯৩ থেকে ১৮৩২ খ্রিস্টাব্দের মধ্যে কেশরগড়ে পঞ্চকোট রাজ পরিবারের ঐতিহ্যবাহী রথের সূচনা করেছিলেন রাজা ভরতশেখর। দীর্ঘকাল বন্ধ থাকার পর ১৯০ বছর পর ২০২২ সালে পুরী থেকে কাঠের মূর্তি এনে পুনরায় রথের চাকা গড়ালেও তীব্র আর্থিক সংকটে পড়েছিল এই উৎসব। ঐতিহ্যবাহী এই রথযাত্রার জৌলুস ফেরাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদার বিশেষ হস্তক্ষেপে ঐতিহাসিক এই রথযাত্রার অর্থনৈতিক দুর্দশা দূর হতে চলেছে।
সোমবার নবান্ন থেকে ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন রথযাত্রা কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। পুরুলিয়া জেলাশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেশরগড় রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। জেলাশাসক সুধীর কোন্থম ও পুলিশ সুপার কুমার শানি রাজের উপস্থিতিতে এই সহায়তা পেয়ে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কমিটির উপদেষ্টা বঙ্কিম চক্রবর্তী। কালাচাঁদ জিউ মন্দির থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক রথযাত্রায় এবারও পঞ্চকোট রাজপরিবারের সদস্যরা প্রথম রশির টান দেবেন।