মমতার ‘ঘর ভেঙে’ মমতাকেই ২১-এর মঞ্চে আমন্ত্রণ, বড় চমক আসল তৃণমূলের

একুশে জুলাইয়ের ‘শহিদ দিবস’ অনুষ্ঠান ঘিরে এবার নজিরবিহীন টানাপোড়েন শুরু হয়েছে বাংলায়। ধর্মতলায় অনুমতি না মেলায় শেষপর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে এই মেগা ইভেন্টের আয়োজন করতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’। সোমবার বিকেলে একঝাঁক বিধায়ক ও নেতাকে সঙ্গে নিয়ে মেয়ো রোডের সভাস্থল পরিদর্শন করেন ঋতব্রত। সেখানেই এক বিস্ফোরক রাজনৈতিক সমীকরণ সামনে আসে। ভাঙনের জেরে দল হাতছাড়া হলেও, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বার্তা দেওয়া হয়েছে। ঋতব্রত স্পষ্ট জানান, তাঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে চান এবং তিনি যেন অবশ্যই এই কর্মসূচিতে উপস্থিত থাকেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের মহাকরণ অভিযানে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর স্মরণে প্রতি বছর ২১ জুলাই পালন করা হয়, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম আবেগঘন দিন। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, কারণ পরিষদীয় দলের রাশ এখন ঋতব্রত শিবিরের হাতে। কালীঘাট তৃণমূলের ভূমিকা এখনও ধোঁয়াশায় থাকলেও আসল তৃণমূল শিবির ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। ফলে যার নেতৃত্বে ৩৩ বছর আগে এই ঐতিহাসিক আন্দোলন হয়েছিল, আজ নিজের তৈরি সেই রাজনৈতিক মঞ্চেই আমন্ত্রিত হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে।