কন্ট্রোল রুম থেকেই নজরে ট্র্যাফিক পুলিশ! রাস্তায় চাঁদাবাজি বন্ধের কড়া হুংকার শুভেন্দুর

রাজ্যের ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি বা রাস্তা থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ চিরতরে বন্ধ করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্কের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যজুড়ে একটি কঠোর নজরদারি নেটওয়ার্ক গড়ে তোলার ঐতিহাসিক ঘোষণা করেছেন। তিনি জানান, পুলিশের এই ধরনের দুর্নীতি রুখতে একটি বিশাল সেন্ট্রাল কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে।
স্বাস্থ্য দপ্তরের আদলে তৈরি এই ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফরাক্কায় কেউ হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবেন। কালিয়াচকে হাত পাতলে কলকাতায় আমরা জানতে পারব। কাউকে দুর্নীতি করতে দেবো না, নিশ্চিন্ত থাকুন।” ট্র্যাফিক পুলিশের পাশাপাশি অবৈধ কয়লা, বালি ও পাথর পাচার রোধেও বিশেষ হেল্পলাইন নম্বর চালুর ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী ২৫ জুলাই ক্যাগের (CAG) রিপোর্ট প্রকাশ পাওয়ার পর দুর্নীতি প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সরাসরি এফআইআর করা হবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন, সীমান্ত সুরক্ষা জোরদার করা এবং পুলিশ কর্মীদের উন্নত প্রশিক্ষণের মতো একাধিক বড় ঘোষণা করা হয়েছে।