‘ওরা কেউ ছাত্র নয়’, নিট বিক্ষোভের নামে তাণ্ডব নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার

‘ওরা কেউ ছাত্র নয়’, নিট বিক্ষোভের নামে তাণ্ডব নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার

শুক্রবার নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের নামে বামফ্রন্টের মিছিলে ঘটে যাওয়া চরম বিশৃঙ্খলা ও হিংসার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। শনিবার বিধানসভায় এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, গতকালের মিছিলে যাঁরা অশান্তি ও তাণ্ডব চালিয়েছেন, তাঁদের কাউকেই একচুলও রেয়াত করা হবে না।

ঘটনার বিবরণ দিয়ে সুকান্ত মজুমদার বলেন, শুক্রবার বামেদের ডাকা মিছিলে যাঁরা প্রথমে নেতৃত্ব দিচ্ছিলেন, তাঁরা শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননি। ডোরিনা ক্রসিংয়ের কাছাকাছি পৌঁছানোর আগেই অশান্তি শুরু হয়। শিয়ালদা থেকে যাত্রা শুরু করা বিক্ষোভকারীরা মিছিলের রাশ ধরে রাখতে ব্যর্থ হন।

বিক্ষোভের নামে সংবাদমাধ্যমের ওপর চলা হামলার তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, মিছিলে সাংবাদিকদের ওপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে, নিগ্রহ করা হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ও জুতো ছোড়া হয়েছে। এমনকি মহিলা সাংবাদিকদের ওপর শারীরিক নিগ্রহের চেষ্টা ও অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তিনি জানান, গতকালই এক নিগৃহীত মহিলা সাংবাদিকের সঙ্গে তাঁর কথা হয়েছে, যিনি জানিয়েছেন যে কিছু সাহসী মহিলার জন্যই বড় ধরনের বিপদ ও শ্লীলতাহানির হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

বিক্ষোভকারীদের আসল পরিচয় নিয়ে প্রশ্ন তুলে সুকান্ত মজুমদার গ্যারান্টি দিয়ে বলেন, গতকাল যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তারা কেউ ছাত্র নয় এবং নিট পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতার ধারেকাছেও তারা নেই। মুখ্যমন্ত্রী ও প্রশাসনের অবস্থানকে সমর্থন করে তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবারের ওই বাম বিক্ষোভ ঘিরে ডোরিনা ক্রসিং এলাকায় তীব্র ধস্তাধস্তি ও পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। এই ঘটনায় কলকাতার বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *