NEET বিক্ষোভ: সোমেই দিল্লির যন্তর মন্তরে CJP-র আন্দোলনে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়!

NEET প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল জাতীয় রাজধানী। এই আবহে দিল্লির যন্তর মন্তরে চলা ‘কক্রোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনে সোমবার সশরীরে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিশ্বস্ত সূত্রের খবর, আন্দোলনরত পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাঁদের প্রতি সংহতি জানাতে সোমবারই তিনি বিক্ষোভস্থলে পৌঁছাতে পারেন। তৃণমূলের এক শীর্ষস্থানীয় নেতাও নাম প্রকাশ না করার শর্তে এই সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন।
এর আগেই NEET আন্দোলনের প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথা স্পষ্ট করে দিয়েছিলেন মমতা। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) তিনি লিখেছিলেন, শুরু থেকেই তিনি ছাত্রছাত্রী ও তাঁদের এই ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে রয়েছেন। তাঁর মতে, NEET কেলেঙ্কারির বিরুদ্ধে এই লড়াই কেবল বিচার পাওয়ার লড়াই নয়, বরং দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করার লড়াই। পাশাপাশি, দেশের যুবসমাজ ও পরীক্ষার্থীদের পাশে গোটা বিরোধী শিবির রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, মমতার এই সম্ভাব্য দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় রাজধানীতে ছাত্র-নেতৃত্বাধীন এই আন্দোলনে তাঁর সরাসরি উপস্থিতি সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের প্রভাব ও প্রাসঙ্গিকতা আরও জোরালো করবে। বিশেষ করে সাম্প্রতিক নানা রাজনৈতিক পরিস্থিতির পর, মমতার এই পদক্ষেপ কেন্দ্রের মোদী সরকারের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, NEET প্রশ্নপত্র ফাঁস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়মের অভিযোগে বর্তমানে উত্তপ্ত যন্তর মন্তর। CJP-র নেতৃত্বে চলা এই আন্দোলনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় কঠোরতম আইনি পদক্ষেপ।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্তর মন্তরে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জোরালো হয়েছে, তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাঁর এই কর্মসূচির চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।