রাজ্যের ৮ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে রহস্য ফাঁস! বিধানসভায় ২৮টি সিএজি রিপোর্ট পেশের ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের ৮ লক্ষ কোটি টাকার ঋণের রহস্য লুকিয়ে রয়েছে অডিট রিপোর্টে! সম্প্রতি বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে মোট ২৮টি সিএজি (CAG) রিপোর্ট পেশ করার কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
সরকার পক্ষের দাবি, সিএজি-র এই রিপোর্টগুলিতে বিগত সরকারের আমলে সরকারি অর্থ খরচে বিপুল পরিমাণ অসঙ্গতি ও অনিয়মের উল্লেখ রয়েছে। মূলত সেই অডিট পর্যবেক্ষণ এবং আর্থিক তছরুপের চিত্রগুলি বিধানসভার সামনে তুলে ধরতেই এই রিপোর্ট পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেন, “আপনারা এই রিপোর্টগুলো পড়লেই বুঝতে পারবেন, কেন রাজ্যের ৮ লক্ষ কোটি টাকা ঘাটতি।”
এর আগে বুধবারই বিধানসভায় আমপান দুর্নীতি প্রসঙ্গ তুলে সিএজি রিপোর্ট পেশ করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (সিএজি) একটি সাংবিধানিক সংস্থা, যাদের মূল কাজ সমস্ত ধরনের সরকারি খরচের হিসাব ও বন্টন পরীক্ষা করা।
বিধানসভায় সিএজি-র সাংবিধানিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বপন দাশগুপ্ত অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী সিএজি রিপোর্ট বিধানসভায় পেশ করা প্রতিটি সরকারেরই সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বিগত কয়েক বছর ধরে পূর্বতন সরকার ইচ্ছাকৃতভাবে বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করেনি।
শনিবার ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ২৮টি সিএজি রিপোর্টের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, আসন্ন বিশেষ অধিবেশনে এই সমস্ত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই ক্যাজ রিপোর্টগুলির তালিকায় রাজ্য সরকারের ‘ফিনান্স অডিট’-এর পাশাপাশি পঞ্চায়েতরাজ ব্যবস্থা, স্বাস্থ্য দফতর এবং ভূমি দফতরের খরচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অডিট রিপোর্টগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।