সবুজসাথী অতীত! নাম বদলে আসছে ‘সারথি’, সাইকেলের রঙে বদল এনে বড় ঘোষণা সরকারের

ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধা দিতে বিগত সরকারের আমলের জনপ্রিয় ‘সবুজসাথী’ প্রকল্প চালু রাখা হলেও এবার তাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে আগের আমলের কোনো প্রকল্প বন্ধ করা হবে না; বরং সেগুলির পরিবর্ধন ঘটবে। সেই নীতি মেনেই এবার সবুজসাথী প্রকল্প বজায় থাকলেও তার নাম, লোগো এবং সাইকেলের রঙে আসছে আমূল বদল। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের নতুন নাম হতে চলেছে ‘সারথি’। শুধু তাই নয়, আগের পরিচিত নীল রঙের সাইকেল বাদ দিয়ে নতুন সাইকেলগুলিতে থাকবে গেরুয়া রঙের ছোঁয়া।
সম্প্রতি জেলা শাসকদের সঙ্গে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সবুজসাথী প্রকল্পের এই নামকরণের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পূর্বের সরকারের আমলে নবম ও দশমের পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণের কথা থাকলেও ভোটের নির্ঘণ্ট প্রকাশ পেয়ে যাওয়ায় তা আটকে যায়। বর্তমানে বিভিন্ন বিডিও অফিসে বহু সাইকেল এসে পড়ে রয়েছে, যেগুলিতে পুরনো লোগো লাগানো রয়েছে। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ওই লোগো পরিবর্তন করেই ছাত্রছাত্রীদের হাতে সাইকেলগুলি তুলে দেওয়া হবে।
পাশাপাশি, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন রূপের এই সরকারি প্রকল্পের বাকি সাইকেলগুলি হাতে পেয়ে যাবে প্রশাসন। কোনো যোগ্য পড়ুয়া যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের কঠোর নির্দেশ পাঠিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।