“নীরব মোদীর ক্ষোভেই অবৈধ ভারতীয়দের ফেরাতে অনীহা দিল্লির”, চাঞ্চল্যকর মন্তব্য ব্রিটেনের প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের

পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীকে ভারতের হাতে তুলে না দেওয়ায় নয়াদিল্লিও ব্রিটেনে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাতে রাজি হয়নি। সম্প্রতি এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রিটেনের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল। কনজারভেটিভ পার্টির নেত্রী প্রীতি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রিটেনের স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলেছিলেন এবং ২০২১ সালে তাঁর আমলেই নীরব মোদীর প্রত্যর্পণে অনুমোদন দেওয়া হয়েছিল।
‘ডেইলি টেলিগ্রাফ’-এর একটি পডকাস্টে প্রীতি প্যাটেল দাবি করেছেন যে, নীরব মোদীকে দীর্ঘ সময় ধরে ভারতে ফেরত না পাঠানোয় নয়াদিল্লি চরম ক্ষুব্ধ হয়েছিল। আর সেই কারণেই ব্রিটেনে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের চার্টার্ড বিমানে ফেরত পাঠানোর প্রস্তাব ভারত সরকার ফিরিয়ে দেয়। এমনকি, ব্রিটেন সরকারের দেওয়া ওই সমস্ত অভিবাসীদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করার প্রক্রিয়া নিয়েও দিল্লির তরফ থেকে আপত্তি জানানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে নীরব মোদী লন্ডনের পেন্টনভিল কারাগারে বন্দি রয়েছেন এবং প্রত্যর্পণ এড়াতে বড় অঙ্কের অর্থ খরচ করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। চলতি মাসের শুরুতে ইউরোপীয় মানবাধিকার আদালতেও তাঁর আবেদন খারিজ হয়ে গিয়েছে। উল্লেখ্য, ভারত ও ব্রিটেনের মধ্যে ২০২১ সালে একটি ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার নিয়ম অনুযায়ী দুই দেশই অবৈধ নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য।
এদিকে, প্রীতি প্যাটেলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি ইউকে অ্যান্ড ইউরোপ’-এর প্রতিনিধি কুলদীপ শেখাওয়াত। তাঁর দাবি, প্রীতির এই বক্তব্য সত্য নয়, কারণ ভারত সরকার কখনোই অবৈধ অভিবাসনকে সমর্থন করে না এবং নিয়মানুযায়ী বৈধ প্রক্রিয়া মেনেই উপযুক্ত অভিবাসীদের ফিরিয়ে নিচ্ছে। তবে এই বিষয়ে ব্রিটেন সরকার বা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।