ফের আন্দোলনের হুঁশিয়ারি দিতেই গভীর রাতে বৈঠকে বসল কেন্দ্র, সিজেপির দাবি কি মানল সরকার?

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন তুলে নিলেও চুক্তিভঙ্গের অভিযোগে সোমবার ফের আন্দোলনের হুমকি দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। এর পরেই নড়েচড়ে বসে কেন্দ্র। সোমবার গভীর রাতে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে বসে সরকারের প্রতিনিধিরা। প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে বিহার ও আসাম সরকারের জারি করা বিজ্ঞপ্তির অনুলিপি তুলে দেওয়া হয়।
সিজেপির তরফে জানানো হয়েছে, ওই বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে আইনি পদক্ষেপ না করা এবং আটক ও গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, আগামীকালের মধ্যে কেন্দ্র এবং এনডিএ শাসিত অন্যান্য রাজ্যগুলিও একই ধরনের গ্যারান্টি নোটিফিকেশন জারি করবে বলে আশ্বাস মিলেছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো আন্দোলনকারীকে একা ছেড়ে দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৫ জুলাই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সিজেপি আন্দোলন প্রত্যাহার করেছিল। কিন্তু অভিযোগ ওঠে, কথা না রেখে বাংলা ও বিহারে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকদের হেনস্থা করা হচ্ছে। এরপরই আইনজীবী কপিল সিব্বলকে পাশে নিয়ে সৌরভ দাস হুঁশিয়ারি দিয়েছিলেন যে, লিখিত চুক্তি না মিললে ফের বড়সড় আন্দোলন শুরু হবে। এই পরিস্থিতিতে গভীর রাতের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে পারদ চড়েছে। একই সঙ্গে, আক্রান্ত ছাত্রছাত্রী ও সাহায্যকারীদের আইনি সহায়তা দিতে ‘সাক্ষী’ (Saakshi) নামের একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করেছে সিজেপি।