নিট বিতর্কের মাঝেই বাংলার ১০০ সফল পরীক্ষার্থীকে ল্যাপটপ উপহার শুভেন্দু সরকারের!

খবরের শিরোনামে ক্রমাগত বজায় রয়েছে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। বিগত কিছুদিন ধরে চলা এই তীব্র বিতর্কের মাঝেই বাংলার ১০০ জন সফল নিট উত্তীর্ণ পরীক্ষার্থীর জন্য বড় ঘোষণা করল শুভেন্দু সরকার। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, আজ নবান্নের সভাঘরে বিকেল ৫টায় আয়োজিত হবে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে রাজ্যের প্রথম ১০০ জন সফল নিট পরীক্ষার্থীকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হবে। এই একশো জন মেধাবী পড়ুয়ার প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে একটি করে ল্যাপটপ। এই অনুষ্ঠানকে সফল করে তুলতে চলছে জোরকদমে প্রস্তুতি। যার সার্বিক দায়িত্বে রয়েছেন বিশেষ সচিব ও সিনিয়র ডেপুটি সেক্রেটারি। এছাড়া প্রশাসনিক কাজকর্ম দেখভালের জন্য নবান্নের আন্ডারে সেক্রেটারিকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
আজকের এই অনুষ্ঠানে রাজ্যের প্রথম ১০০ জন সফল পরীক্ষার্থী ছাড়াও উপস্থিত থাকবেন তাদের অভিভাবক এবং সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ। সব মিলিয়ে প্রায় ৪০০ জন অতিথির সমাগমে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একদিকে যখন দেশজুড়ে নিট নিয়ে বিতর্ক ও উত্তেজনা চলছে, ঠিক তখনই বাংলার এই বিশেষ উদ্যোগ পরীক্ষার্থীদের মুখে হাসি ফোটাবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, নিট-ইউজি (NEET UG) কেলেঙ্কারির তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকরভাবে, খোদ সিবিআইয়ের আইনজীবীই ফাস্ট-ট্র্যাক কোর্টে হাজির হননি, যার ফলে পিছিয়ে গেছে মামলার শুনানি। ২০২৬ সালে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতে প্রথম শুনানির দিনই তদন্তকারী সংস্থার আইনজীবীর অনুপস্থিতির কারণে আগামী ৩ আগস্ট পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে। সোমবার ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক অনু গ্রোভার বালিগারের এজলাসে ধৃত দুই অভিযুক্ত বিকাশ বিওয়াল ও দীনেশ বিওয়ালের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল।