আরজি কর কাণ্ড: শিয়ালদহ আদালতে সিবিআইয়ের ১২ নম্বর স্ট্যাটাস রিপোর্ট, নতুন সিটের স্ক্যানারে কারা?

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে কতটা অগ্রগতি হলো, তা জানাতে শিয়ালদহ আদালতে ১২ নম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। আদালতের নির্দেশ অনুযায়ী এই মামলার তদন্তভার এখন একটি নতুন ‘এসআইটি’ (SIT)-র হাতে তুলে দেওয়া হয়েছে।
আদালতে সরকারি আইনজীবী জানান, পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তার থেকে মোট ২০ খণ্ডের সমস্ত নথি সংগ্রহ করে নতুন টিম তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে। নির্যাতিতার আইনজীবীর দাবি, আগের তদন্তের ত্রুটি-বিচ্যুতিগুলো নতুন সিট যেন নতুন করে খতিয়ে দেখে। বিশেষ করে, প্রাথমিক ফরেন্সিক টিমের তিন সদস্যের ভূমিকা এবং জলহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষের বিষয়ের পাশাপাশি কেন দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়নি—সেই সব প্রশ্ন এখন তদন্তের মূল কেন্দ্রে রয়েছে।
তদন্ত সম্পূর্ণ করতে সিবিআই আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে।
অন্যদিকে, আদালতের এই পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে নির্যাতিতার মা বলেন, “পুরোটাই তদন্তসাপেক্ষ বিষয়। রাজ্য ও কেন্দ্রীয়—দুই সরকারকেই আমি ভরসা করছি। তবে সিবিআই আরও কিছুটা সময় চেয়েছে।”