৯৩ কোটি বাজেয়াপ্ত! পলাতক ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের সাম্রাজ্যে রাজ্য পুলিশের বড় থাবা

বীরভূম: বীরভূমের প্রভাবশালী ‘পাথরসম্রাট’ হিসেবে পরিচিত টুলু মণ্ডলের বিরুদ্ধে নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। বর্তমানে পলাতক এই ব্যবসায়ীর প্রায় ৯৩ কোটি টাকা বাজেয়াপ্ত ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনে শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রশাসনের শীর্ষ স্তরের মদত ছাড়া এত বড় বেআইনি সাম্রাজ্য চালানো কোনোভাবেই সম্ভব ছিল না।
বাজেয়াপ্ত সম্পত্তির বিপুল তালিকা
পুলিশি তদন্তে টুলু মণ্ডলের বেআইনি সম্পত্তির যে তালিকা উঠে এসেছে, তা চোখ কপালে তোলার মতো:
- ব্যাঙ্ক ও নগদ: ফ্রিজ করা ৯৩ কোটি টাকা ছাড়াও উদ্ধার হয়েছে ৫৩ লক্ষ টাকা নগদ।
- গয়না ও মূল্যবান ধাতু: ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো এবং ৮৩ গ্রাম প্ল্যাটিনাম।
- গাড়ির বহর: ৮৩টি ট্রাক ছাড়াও বিএমডব্লিউ (BMW), মার্সিডিজ ও অডির মতো একাধিক বিলাসবহুল গাড়ি।
- জমি ও বাড়ি: ২১টি সম্পত্তির খোঁজ মিলেছে, যার মধ্যে রয়েছে ৩০০ বিঘা জমি, ৭টি বাড়ি এবং ১টি ফার্মহাউস।
- অন্যান্য সরঞ্জাম: টাকা গোনার ৩টি মেশিন, সিপিইউ, চেক বুক ও রোড চালান।
শুভেন্দু অধিকারীর অনুমান, পুলিশি তৎপরতা টের পেয়ে গত ৪ মে-র পর হয়তো দেশ ছেড়ে বিদেশে চম্পট দিয়েছেন টুলু।
মিনারের সূত্র ধরে ফাঁস রহস্য:
সম্প্রতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারির পর জেরায় মিনার স্বীকার করেন যে, এই বিশাল অর্থ ও সোনা আসলে টুলু মণ্ডলেরই।
রাজস্ব ফাঁকি, জোরপূর্বক জমি দখল এবং তোলাবাজির মাধ্যমে এই অঢেল সম্পত্তির পাহাড় গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। আপাতত পাথর ও বালি খাদানের এই অবৈধ কারবারের মূল উপড়াতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে প্রশাসন।