ISI-যোগ থেকে হানিট্র্যাপ! জঙ্গিসন্দেহে ধৃত হামিমের পর এবার STF-এর জালে বান্ধবী অর্পিতা

ISI-যোগ থেকে হানিট্র্যাপ! জঙ্গিসন্দেহে ধৃত হামিমের পর এবার STF-এর জালে বান্ধবী অর্পিতা

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ও পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগের অভিযোগে ধৃত হামিম মণ্ডলের পর এবার পুলিশের জালে তার বান্ধবী অর্পিতা সরকার। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতাকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতকে ইতিমধ্যেই বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে।

তদন্তকারীদের দাবি, এই আন্তর্জাতিক চক্রান্তে অর্পিতাকে মূলত ‘ফাঁদ’ বা ‘হানিট্র্যাপ’ হিসেবে ব্যবহার করা হতো। অর্পিতার মূল কাজ ছিল বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলা এবং প্রয়োজনে অপহরণের ভয় দেখিয়ে তাঁদের থেকে দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া। সেই সমস্ত গোপন তথ্য পরে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI-এর এজেন্টদের হাতে তুলে দেওয়া হতো বলে গোয়েন্দাদের প্রাথমিক সন্দেহ।

কীভাবে সামনে এলো অর্পিতার নাম? শুক্রবার বর্ধমানের রেনেসাঁ হাউজ়িং থেকে গ্রেপ্তার করা হয়েছিল হামিম মণ্ডলকে। গোয়েন্দাদের সন্দেহ, হামিমের সঙ্গে জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’-এর প্রত্যক্ষ যোগ রয়েছে। হামিমকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ হেফাজতে হামিমকে টানা জেরার মুখেই উঠে আসে তার বান্ধবী অর্পিতা সরকারের নাম। সেই সূত্রের ওপর ভিত্তি করেই ঝাড়খণ্ডে ঝটিকা অভিযান চালিয়ে অর্পিতাকে গ্রেপ্তার করে STF।

বর্তমানে এই চক্রের মূল শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে এবং অর্পিতা ও হামিমের পেছনে আর কোনো প্রভাবশালী বা আন্তর্জাতিক হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *