বাঁকুড়ায় বজ্রপাতের তাণ্ডব: মাঠেই প্রাণ গেল ২ জনের, আশঙ্কাজনক ৪
August 3, 20267:00 pm

বাঁকুড়া: জেলাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাঁকুড়ার দুটি পৃথক এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হল এক পুরুষ ও এক মহিলার। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তপন বড়ু এবং ববিতা লোহার।
কোথায় কী ঘটল?
- বিষ্ণুপুরের তেজপাল গ্রাম: সোমবার দুপুরে তেজপাল গ্রাম সংলগ্ন মাঠে অন্য মহিলাদের সঙ্গে আমন ধানের চারা রোপণ করছিলেন ববিতা লোহার। সেই সময়েই আচমকা বাজ পড়লে তিনিসহ তিন মহিলা জখম হন। বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ববিতাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই মহিলা এখনও সেখানে চিকিৎসাধীন।
- বড়জোড়ার দেউচা ও ভুবনেশ্বর এলাকা: অন্য ঘটনাটিতে, বড়জোড়ার বাসিন্দা তপন বড়ু মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।পাশাপাশি, বড়জোড়ার ভুবনেশ্বর শিবমন্দিরের কাছে গরু চরাতে গিয়ে বাজ পড়ে জখম হন ঘোষপাড়ার বাসিন্দা বুধন ঘোষ ও ভিখুরাম ঘোষ। দু’জনকেই প্রথমে বড়জোড়া হাসপাতালে নেওয়া হলেও, বুধনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।