দিঘার সৈকতে নেশামুক্তি! সমুদ্র স্নানে মৃত্যু রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

দিঘার সৈকতে নেশামুক্তি! সমুদ্র স্নানে মৃত্যু রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

দিঘা: সৈকতে নিষিদ্ধ থাকা সত্ত্বেও নেশাগ্রস্ত হয়ে সমুদ্রে নামার বিপজ্জনক প্রবণতা কমছে না। দিঘা, তাজপুর ও উদয়পুর সৈকতে প্রশাসন ও পুলিশের কড়া নজরদারি এড়িয়ে মদ ও অন্যান্য নেশাজাত দ্রব্যের অবৈধ বিক্রি মোটেও থামানো যাচ্ছে না— এমন অভিযোগ উঠে এল খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের গলায়।

সম্প্রতি দিঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী একটি ট্রমাকেয়ার সেন্টার খোলার উদ্যোগের কথা জানান। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, কেবল চিকিৎসাকেন্দ্র গড়ে তুললেই সৈকতে প্রাণহানি ঠেকানো যাবে না। তাঁর কথায়, “সবার আগে নিষিদ্ধ নেশার অবৈধ কারবার বন্ধ করতে হবে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যদি মদ-গাঁজার রমরমা বাণিজ্য চলে, তবে সমুদ্রে তলিয়ে মৃত্যুর ঘটনা নিয়ন্ত্রণে আনা আসাম্ভব।”

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ মেনে শুধু সৈকতই নয়, হাসপাতাল চত্বরের ১০০ মিটারের মধ্যে পান, গুটকা ও সিগারেটের বিক্রিও পুরোপুরি নিষিদ্ধ করতে বলা হয়েছে। এ বিষয়ে ডিএসপি (ডি অ্যান্ড টি) মোহিত মোল্লা জানান, সৈকতে মদ্যপান বা নেশাদ্রব্য বিক্রি বহু দিন থেকেই বেআইনি এবং অবৈধ কারবার রুখতে নিয়মিত অভিযান চালানো হয়।

প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় হোটেল মালিক সংগঠনগুলি। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতকে নিরাপদ রাখতে তারা প্রশাসনকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *