‘হারলেই EVM কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় নিয়ে দিলীপের বিস্ফোরক প্রশ্ন!

‘হারলেই EVM কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় নিয়ে দিলীপের বিস্ফোরক প্রশ্ন!

স্পষ্টভাষী হিসেবে রাজনীতিতে দিলীপ ঘোষের আলাদা পরিচিতি রয়েছে। বিরোধী শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি নিজের দলের ত্রুটি-বিচ্যুতি নিয়েও তিনি সরব হতে দ্বিধা করেন না। এবার বিহারের বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের জয় এবং তা নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।

প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতি নবোনের ছেড়ে যাওয়া আসনে জয় ছিনিয়ে নিয়ে চমক দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এই ফলাফল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “রিগিং হলে উপনির্বাচনে শাসকদল জেতে। আর অবাধ ভোট হলে মানুষ যাকে চান, সেই জেতে। হেরে গেলেই ইভিএম কারচুপির জিকির তোলা হয়, কিন্তু জিতলে সেই মানুষের রায়কে সবাই অস্বীকার করেন কেন?”

শুধু পিকে-র জয় নয়, একাধিক সমসাময়িক ইস্যু নিয়েও সরব হয়েছেন তিনি। রাজ্য মন্ত্রী উমেশ রাইকে হুমকির ঘটনা থেকে শুরু করে সন্ত্রাসবাদ—প্রতিটি বিষয় নিয়েই মতামত জানান দিলীপ ঘোষ।

জঙ্গি দমন প্রসঙ্গে তাঁর বক্তব্য, “মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে জঙ্গি দমন অভিযান জোরদার হয়েছে। বিভিন্ন রাজ্যে জঙ্গিদের আস্তানা ধ্বংস করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ ছিল এর ব্যতিক্রম, যেখানে এতদিন জঙ্গিরা আশ্রয় পেয়ে এসেছে। এখন সেই রাজনৈতিক আশ্রয় সরে যাওয়ায় তারা শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে।” নিজের অভিজ্ঞতা টেনে তিনি আরও বলেন, “আমি নিউটাউনে থাকি, এখানকার শাপুরজি আবাসনেও বিভিন্ন সময়ে জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল। শুধু নেতাদের নয়, সাধারণ মানুষের জীবনও মূল্যবান, তাই সকলকেই সতর্ক থাকতে হবে। মাথার ওপর থেকে রাজনৈতিক ছত্রছায়ায় টান পড়তেই এখন ওরা মরিয়া হয়ে উঠেছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *