“পতাকা বদলালেও কমেনি তোলাবাজি!” দলীয় অপকর্ম নিয়ে বিষ্ফোরক শমীক-দিলীপ

“পতাকা বদলালেও কমেনি তোলাবাজি!” দলীয় অপকর্ম নিয়ে বিষ্ফোরক শমীক-দিলীপ

রাজ্যে ক্ষমতা বদলে নীল-সাদা থেকে নবান্নের রঙ গেরুয়া হলেও বদলায়নি তোলাবাজির সংস্কৃতি। শাসক দল ভারতীয় জনতা পার্টির (BJP) বিরুদ্ধে তোলাবাজি চালানোর অভিযোগে এখন সরগরম রাজ্য রাজনীতি। আর এই বিস্ফোরক অভিযোগ অন্য কেউ নয়, তুলেছেন খোদ দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে, রাজ্যে তোলাবাজদের কাঠামো বা চরিত্রের কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। তৃণমূল জমানায় যারা বিভিন্ন এলাকায় তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকেই এখন শাসক দল বিজেপির ছত্রছায়ায় এসে একই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

এই বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,

“দু-এক জায়গায় বিচ্যুতি যে ঘটেছে, তা অস্বীকার করছি না। তবে কোনো বিচ্যুতিই দীর্ঘকাল বরদাস্ত করা হবে না। আমরা আর ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করব, তারপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

অন্যদিকে, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, বহু বছরের পুরানো তোলাবাজির সংস্কৃতি হুট করে তুলে দেওয়া কঠিন। তবে লিখিত অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে দল এই ধরনের সব অপরাধের কড়া হিসেব নেবে বলে তিনি স্পষ্ট বার্তা দেন।

ক্ষমতায় আসার পরেও নিচু তলার কর্মী ও স্থানীয় নেতাদের এই ধরনের কর্মকাণ্ডে শাসক দলের অভ্যন্তরীণ রাজনীতিতেই এখন তীব্র তোলপাড় শুরু হয়েছে। সময়মতো প্রশাসনিক ও সাংগঠনিক কঠোর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *