‘ও আমার নাতনি!’ আর্তনাদেও গলল না মন, হাবরায় বৃদ্ধাকে বেধড়ক মারধর, আটক ১

হাবরা: নিজের নাতিকে কোলে নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন বৃদ্ধা। কিন্তু হঠাৎ করেই রটে গেল তিনি ‘শিশু চোর’! আর এর জেরেই হাবরা স্টেশন চত্বরে এক বৃদ্ধাকে চুল ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল মহিলার বিরুদ্ধে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই পিঙ্কি শিকদার নামে এক মহিলাকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শিমুলতলার বাসিন্দা সারথি বারুই মঙ্গলবার বিরাটি যাওয়ার উদ্দেশ্যে হাবরা স্টেশনে এসেছিলেন। তাঁর কোলে ছিল তাঁরই মেয়ের সন্তান। অভিযোগ, স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন মহিলা হঠাৎ করেই তাঁকে ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন এবং ভিড় জমিয়ে চেঁচামেচি শুরু করেন। বৃদ্ধা বারবার বোঝানোর চেষ্টা করেন যে শিশুটি তাঁর নিজের নাতনি, কিন্তু তা সত্ত্বেও উত্তেজিত জনতা তাঁর কোনও কথা শোনেনি। তাঁকে প্ল্যাটফর্মের মধ্যেই চুল ধরে মারধর করা হয়।
সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, উপস্থিত প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি অনুযায়ী— ঘটনার সময় সেখানে এক রেল পুলিশ কর্মী উপস্থিত থাকলেও তিনি বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসেননি। উল্টে ঘটনার লাইভ ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমে।
ভিডিওটি ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় ওঠে হাবরার নাগরিক সমাজে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হন। এর পরই জিআরপি তৎপর হয়ে ভাইরাল ভিডিওর সূত্র ধরে আশুতোষ কলোনির বাসিন্দা পিঙ্কি শিকদারকে আটক করে।
বনগাঁ জিআরপি থানার আধিকারিক নয়ন পাত্র জানিয়েছেন, ভিডিও দেখে জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতা বৃদ্ধার পরিবার ও প্রতিবেশীরা।