‘জনগণের টাকার অপচয়!’ তীব্র বিতর্কের মুখে পিছু হটলেন মেয়র, বাতিল ৩.৫ কোটির হেরিটেজ টেন্ডার

‘জনগণের টাকার অপচয়!’ তীব্র বিতর্কের মুখে পিছু হটলেন মেয়র, বাতিল ৩.৫ কোটির হেরিটেজ টেন্ডার

মুম্বই: ঐতিহ্যবাহী বাইকুল্লা মেয়র বাংলো এবং তার চারপাশের এলাকা সংস্কারের কোটি কোটি টাকার টেন্ডার ঘিরে উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি। শিবসেনা (ইউবিটি)-সহ বিরোধীদের তীব্র আক্রমণ ও চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত বিতর্কিত সেই টেন্ডার পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নিলেন মুম্বইয়ের বর্তমান মেয়র ঋতু তাওড়ে।

কী নিয়ে এই বিতর্ক? বাইকুল্লার ‘বীরমাতা জিজাবাই ভোসলে উদ্যান’ কমপ্লেক্সে অবস্থিত ১৯৩১ সালের এই ঐতিহাসিক সেগুন কাঠের বাংলোটি সুরক্ষিত ‘হেরিটেজ’ ভবনের মর্যাদাপ্রাপ্ত। ২০২২ সাল থেকে খালি পড়ে থাকায় কিছুটা জরাজীর্ণ অবস্থায় ছিল ভবনটি। বর্তমান বিজেপি মেয়র ঋতু তাওড়ে দায়িত্ব নেওয়ার পর ঐতিহ্য বজায় রেখে হেরিটেজ কমিটির অনুমোদনে প্রায় ৩.৫ কোটি টাকা খরচে এর প্রাথমিক সংস্কার করা হয়েছিল।

বিতর্কের সূত্রপাত সম্প্রতি, যখন বাংলোর সীমানা প্রাচীর, ড্রেনেজ ব্যবস্থা ও সাউন্ডপ্রুফিংয়ের নামে আবার নতুন করে কোটি কোটি টাকার টেন্ডার প্রকাশ করা হয়।

আদিত্য ঠাকরে ও বিরোধীদের সরব আক্রমণ এই নতুন টেন্ডার প্রকাশ্যে আসতেই সুর চড়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং বিএমসি-র বিরোধী দলনেত্রী কিশোরী পেডনেকার। তাঁদের অভিযোগ, বাংলোর নামে বিলাসবহুল কাজের এই অর্থ আসলে জনগণের ট্যাক্সের টাকার অপচয় ছাড়া আর কিছুই নয়।

মেয়রের সাফাই ও টেন্ডার প্রত্যাহার পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি পদক্ষেপ নেন ঘাটকোপারের কর্পোরেটর তথা বর্তমান মেয়র ঋতু তাওড়ে। তিনি জানান, “আমি ব্যক্তিগতভাবে অতিরিক্ত বা বিলাসবহুল কোনো কাজের আবেদন জানাইনি। চিড়িয়াখানা প্রশাসনের রুটিন রক্ষণাবেক্ষণের অংশ হিসেবেই এটি করা হচ্ছিল।” রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার অভিযোগ তুলে স্বচ্ছতা বজায় রাখতে অবিলম্বে গোটা টেন্ডার প্রক্রিয়াটি বাতিল করার নির্দেশ দেন তিনি।

বর্তমানে এই ঐতিহাসিক বাংলোতেই সপরিবারে বসবাস করছেন মেয়র। টেন্ডারটি আপাতত বাতিল হলেও ঐতিহ্যবাহী এই ভবন রক্ষা এবং রাজনৈতিক আলোচনা নিয়ে মুম্বইয়ের রাজনৈতিক মহল এখনও গরম!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *