ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তেহলকা’ প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের, রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তেহলকা’ প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের, রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে

ধর্ষণ মামলায় ‘তেহলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

২০১৩ সালে গোয়ায় একটি সম্মেলন চলাকালীন হোটেলের লিফটে এক তরুণী সহকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে তরুণ তেজপালের বিরুদ্ধে। সেই মামলায় ২০২১ সালে নিম্ন আদালত তাঁকে বেকসুর খালাস দিয়েছিল। তবে গোয়া সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তেজপালকে ভারতীয় দণ্ডবিধির দুটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

আদালতে রায় ঘোষণার সময় ৬২ বছর বয়সি তেজপাল ও তাঁর আইনজীবী শাস্তির মেয়াদ কমানোর আকুল আবেদন জানান। তেজপাল নিজেকে “ভিকটিম” দাবি করে মানবিকতার খাতিরে লঘুদণ্ড প্রার্থনা করেন। পাশাপাশি, সুপ্রিম কোর্টে আপিল করার জন্য সাজা কার্যকরের ওপর ৮ সপ্তাহের স্থগিতাদেশ চান তাঁর আইনজীবী।

তবে গোয়া সরকারের পক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এর তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, “নির্যাতিতা তেজপালের মেয়ের বয়সি। বারবার বারণ করা সত্ত্বেও তিনি অপরাধ থামাননি। সমাজে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন যে ‘না মানে না-ই’। তাই এই অপরাধে কোনো সহানুভূতি দেখানো উচিত নয়।”

আদালত উল্লেখ করে, ঘটনার পর তেজপালের বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ ওঠেনি এবং উভয় পক্ষই জীবনে এগিয়ে গেছেন, তবে অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাঁকে এই সাজা দেওয়া হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *