বিমানের জ্বালানিতে মিশবে ইথানল? জল্পনা উড়িয়ে যাত্রীদের নিরাপত্তার আশ্বাস কেন্দ্রের!

বিমানের জ্বালানিতে (অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা ATF) ইথানল মেশানোর খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে উড়িয়ে দিল কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনো প্রস্তাব কেন্দ্র সরকারের বিবেচনাধীন নেই এবং বিমানযাত্রীদের নিরাপত্তাই সরকারের শীর্ষ অগ্রাধিকার।
সম্প্রতি আম আদমি পার্টি (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল একটি পুরোনো খবর শেয়ার করে বিমানে ইথানল মেশানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পেট্রোলে ইথানল মেশানো আর বিমানের ‘সাস্টেইনেবল অ্যাভিয়েশন ফুয়েল’ (SAF) সম্পূর্ণ আলাদা জিনিস। SAF হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) দ্বারা স্বীকৃত একটি বিশেষ জ্বালানি, যা কঠোর আন্তর্জাতিক নিরাপত্তা বিধি মেনে তৈরি হয়। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিমানের নিরাপত্তা নিয়ে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য সাধারণ যাত্রীদের মনে অনর্থক আতঙ্ক সৃষ্টি করছে। ভারতীয় বিমান পরিষেবা আন্তর্জাতিক মানের সুরক্ষাবিধি মেনেই পরিচালিত হয়।