ডিমের কুসুম কি সত্যিই হার্টের ক্ষতি করে? জানুন দিনে ক’টি ডিম খাওয়া নিরাপদ!
August 7, 20268:13 am

বিশেষজ্ঞদের মতে, ডিম একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার। সাধারণ ও সুস্থ মানুষের ক্ষেত্রে হৃদরোগের কোনো ঝুঁকি বাড়ানো ছাড়াই এটি প্রতিদিনের সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।
অনেকেই ডিমের কুসুমে থাকা কোলেস্টেরল নিয়ে চিন্তিত থাকেন। একটি বড় ডিমে প্রায় ২০০ মিলিগ্রাম কোলেস্টেরল থাকলেও আধুনিক গবেষণা বলছে অন্য কথা। খাবারে থাকা কোলেস্টেরলের চেয়ে স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট রক্তের কোলেস্টেরল বাড়াতে বেশি ভূমিকা রাখে। তাই সমস্যা ডিমে নয়, সমস্যা তৈরি হয় ডিমটি কীভাবে বা কিসের সঙ্গে খাওয়া হচ্ছে তার ওপর—যেমন প্রসেসড মাংস, সসেজ, অতিরিক্ত তেলে ভাজা খাবার বা বেকন।
ডিম কীভাবে খাবেন এবং দিনে কয়টি নিরাপদ?
- খাওয়ার সঠিক নিয়ম: সকালের টিফিনে সেদ্ধ ডিম, হালকা তেলে সবজি দিয়ে অমলেট অথবা পোচ খাওয়া সবচেয়ে উপকারী।
- দৈনিক পরিমাণ: যেকোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে ১ থেকে ২ টি ডিম (কুসুমসহ) খাওয়া সম্পূর্ণ নিরাপদ ও পুষ্টিকর। যাদের কোলেস্টেরল স্বাভাবিক, তাদের ক্ষেত্রে এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় না।
ডিমের স্বাস্থ্যগুণ
- মস্তিষ্ক ও লিভারের সুরক্ষা: ডিমের কুসুমে রয়েছে কোলিন, যা মস্তিষ্কের গঠন, লিভারের যত্ন এবং স্নায়ুতন্ত্র সচল রাখতে সাহায্য করে।
- মানসিক স্বাস্থ্য ও স্মৃতিরোধ: এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন বি-১২ শরীরের প্রদাহ কমায় ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
- ওজন নিয়ন্ত্রণ: একটি বড় ডিমে থাকে মাত্র ৭৪ ক্যালোরি এবং উচ্চমানের প্রোটিন। এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।