উত্তম কুমারের জন্মশতবর্ষে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ, প্রসেনজিৎ-সন্দীপের নেতৃত্বে গঠিত হলো হাই-প্রোফাইল কমিটি

কলকাতা: ভারতীয় চলচ্চিত্র ও বাঙালি সংস্কৃতিতে মহানায়ক উত্তম কুমারের কালজয়ী অবদানকে সম্মান জানাতে রাজ্যজুড়ে বছরব্যাপী বিশেষ কর্মসূচির পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই উৎসব উদযাপনে তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে একটি বিশেষ ‘উপদেষ্টা কমিটি’ (Advisory Committee) গঠন করা হয়েছে। হাওড়ার নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রাজ্যপালের অনুমোদনের কথা জানানো হয়।
এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক (Chief Patron) হিসেবে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সহ-পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী। কমিটির সভাপতি করা হয়েছে পরিচালক সন্দীপ রায়-কে এবং কার্যকরী সভাপতি পদে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সদস্য সচিব হিসেবে দায়িত্ব সামলাবেন সচিব ড. সৌমিত মোহন (IAS)।
এছাড়াও কমিটিতে টলিউড ও প্রশাসনিক জগতের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বকে সদস্য করা হয়েছে। তালিকায় রয়েছেন দেব, আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী ও মহানায়কের পৌত্র গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ।
কমিটির মূল কাজ:
- জন্মশতবর্ষ উদযাপনের কৌশল নির্ধারণ এবং চলচ্চিত্র, সাংস্কৃতিক ও আর্কাইভ সংক্রান্ত নানা কর্মসূচির রূপরেখা তৈরি করা।
- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনকে এই উদযাপনে যুক্ত করা।
- প্রয়োজন অনুযায়ী সাব-কমিটি গঠন এবং বিশেষজ্ঞদের মতামত গ্রহণ।
তথ্য ও সংস্কৃতি বিভাগ এই কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে এবং সরকারি নির্দেশ অনুযায়ী এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।