লিলুয়ায় পুলিশের বড় সাফল্য: ১২০ লিটার চোলাই মদ-সহ গ্রেফতার ৩ পাচারকারী মহিলা!

হাওড়া: রাজ্য পুলিশের টানা অভিযানে ফের বড়সড় সাফল্য। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লিলুয়ায় চোলাই মদ পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল স্থানীয় থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয়েছে তিন মহিলাকে। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১২০ লিটার অবৈধ চোলাই মদ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই তিন মহিলা লিলুয়ার ঝিল রোড এলাকা থেকে মোট ১২টি প্যাকেটে মুড়ে এই বিপুল পরিমাণ চোলাই মদ লিলুয়ার ভাগাড় এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। দিনের আলোতেই চলছিল এই পাচারের কারবার। তবে আগে থেকেই পুলিশ কর্তাদের কাছে এই বিষয়ে গোপন খবর পৌঁছায়। খবর পাওয়া মাত্রই লিলুয়া থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ওই তিন মহিলাকে আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১২০ লিটার মদ, যা সাথে সাথেই বাজেয়াপ্ত করা হয়।
বর্তমানে ধৃতদের থানায় নিয়ে গিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কতদিন ধরে তাঁরা এই অবৈধ কারবারের সাথে যুক্ত, এর পেছনে মূল কারিগর বা কোনো বড় চক্র কাজ করছে কি না—তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা কোনো বড়সড় বেআইনি চোলাই সিন্ডিকেটের সাথেই এদের যোগ রয়েছে।
উল্লেখ্য, জেলা জুড়ে মাদক ও বেআইনি মদ পাচার রুখতে কঠোর অবস্থান নিয়েছে হাওড়া সিটি পুলিশ ও আবগারি দফতর। সম্প্রতি নদীয়ায় ১৫ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেফতার এবং হাওড়ার জগৎবল্লভপুরে আবগারি দফতরের অভিযানে ৯০০ লিটার চোলাই মদ উদ্ধারের পর, লিলুয়ার এই সাফল্য পাচারকারীদের ওপর বড়সড় ধাক্কা দিল।