রক্তদানে অনিয়ম থেকে রক্ত বিক্রি, ১২ ব্লাড ব্যাঙ্কের শিবিরের ওপর নিষেধাজ্ঞায় হাইকোর্টের রিপোর্ট তলব!

রক্তদানে অনিয়ম থেকে রক্ত বিক্রি, ১২ ব্লাড ব্যাঙ্কের শিবিরের ওপর নিষেধাজ্ঞায় হাইকোর্টের রিপোর্ট তলব!

কলকাতা: উপহার দিয়ে রক্ত সংগ্রহ, রাজ্যকে না জানিয়ে ভিন রাজ্যে বেআইনিভাবে রক্ত ও প্লাজমা বিক্রি—এমনই একাধিক মারাত্মক অনিয়মের অভিযোগে সম্প্রতি রাজ্যের ১২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের শিবির করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ‘স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল’। গত ১ অগস্ট থেকে জারি হওয়া এই নিষেধাজ্ঞার জেরে চরম সঙ্কটে পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুসহ বহু মুমূর্ষু রোগী।

স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। বিচারপতির এজলাসে এই মামলার শুনানিতে আদালত জানতে চায়—রক্ত সংগ্রহের এই অনিয়ম নিয়ে রাজ্যের তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে? বিচারপতি কৃষ্ণ রাও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, আগামী ১৪ অগস্টের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১৯ অগস্ট

উল্লেখ্য, হাইকোর্ট জানিয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে সরকারি নিয়ম মেনে প্রশিক্ষিত কর্মী দিয়ে রক্ত সংগ্রহ করায় কোনো বাধা না থাকলেও, শিবির করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা থাকছে।

স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক অভিযানে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে উদ্বেগজনক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে—সেখানে টাকা দিয়ে স্কুলের অপ্রাপ্তবয়স্ক পড়ুয়াদের থেকে রক্ত নেওয়ার অভিযোগ ওঠে, যা নিয়ে অভিভাবকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো বিষয়টি আপাতত আদালতের নজরদারিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *