তোলাবাজি থেকে নারীপাচার, সল্টলেকে সিটের হাতে জালে ‘সুজিত-ঘনিষ্ঠ’ সায়ন!

কলকাতা: তোলাবাজি, জমি দখল এবং গেস্ট হাউসের আড়ালে নারীপাচারের মতো একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু-ঘনিষ্ঠ সায়ন দে। শুক্রবার সল্টলেকের সুকান্তনগর এলাকা থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল (সিট) তাঁকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই সায়নের বিরুদ্ধে এলাকায় সিন্ডিকেট চালানো, প্রোমোটারদের ভয় দেখিয়ে টাকা তোলা এবং ফ্ল্যাট না দেওয়ার মতো একাধিক অভিযোগ ছিল। এমনকী বিধাননগরের একটি গেস্ট হাউসকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপ ও নারীপাচার চক্র চালানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। শাসকদলের প্রভাবশালী নেতা ও মন্ত্রী সুজিত বসুর সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে তাঁকে দেখা যেত বলে পুলিশের ওপর ক্ষোভ ছিল বাসিন্দাদের।
সম্প্রতি রাজ্য রাজনীতিতে পটপরিবর্তনের পর সায়নের বিরুদ্ধে থানায় নতুন করে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতেই তদন্তে নেমে সিট তাঁকে হেফাজতে নেয়। বিজেপির পক্ষ থেকে এই গ্রেফতারিকে স্বাগত জানানো হলেও, ধৃত সায়ন দে-র দাবি তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং উক্ত গেস্ট হাউসের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।