পাসওয়ার্ডকে বলুন বাই-বাই! গুগল-অ্যাপলের হাত ধরে আসছে সুরক্ষার নতুন হাতিয়ার ‘পাসকী’

“Forgot Password” বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যায় পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কঠিন পাসওয়ার্ড মনে রাখা যেমন ঝামেলার, তেমনই সহজ পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থেকে যায়। এই চিরচেনা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছে নতুন প্রযুক্তি—‘পাসকী’ (Passkey)।
গুগল, অ্যাপল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের পাশাপাশি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোও এখন এই প্রযুক্তি ব্যবহার করছে।
পাসকী আসলে কী?
পাসকী হলো আপনার ডিভাইসে সংরক্ষিত একটি বিশেষ ধরনের ডিজিটাল চাবি। এর মাধ্যমে লগইন করার সময় আপনাকে আর কোনো পাসওয়ার্ড টাইপ করতে হবে না। আপনার ব্যবহৃত স্মার্টফোন বা ল্যাপটপের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি (Face ID) বা ডিভাইসের পিন (PIN) ব্যবহার করেই সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
পাসওয়ার্ডের চেয়ে পাসকী কেন বেশি সুরক্ষিত ও সুবিধাজনক?
- হ্যাকিং ও ফিশিং প্রতিরোধ: পাসকী কোনো ওয়েবসাইটে সংরক্ষিত থাকে না, বরং এটি আপনার ডিভাইসে সুরক্ষিত থাকে। ফলে হ্যাকারদের পক্ষে এটি চুরি করা প্রায় আসাম্ভব।
- মনে রাখার ঝামেলামুক্ত: কোনো পাসওয়ার্ড মুখস্থ রাখার প্রয়োজন নেই। ফোনের স্ক্রিন লক খুলতে যে মাধ্যম ব্যবহার করেন, তা দিয়েই অ্যাকাউন্ট খুলবে।
- দ্রুততম লগইন: ওটিপি (OTP) বা ক্যাপচা (Captcha)-র ঝামেলা ছাড়াই মাত্র ১ সেকেন্ডে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে লগইন করা সম্ভব।
- দ্বিগুণ নিরাপত্তা: পাসকী মূলত দুটি অংশে কাজ করে—একটি থাকে আপনার ডিভাইসে এবং অপরটি কো ম্পা নির সার্ভারে। দুটি ডিজিটাল সংকেত মিললেই কেবল লগইন সফল হয়।
কীভাবে চালু করবেন পাসকী?
১. আপনার গুগল, ফেসবুক বা ব্যাঙ্কিং অ্যাপের Settings-এ যান। ২. Security বা “পাসওয়ার্ড ও নিরাপত্তা” অপশনে গিয়ে “Create a Passkey” নির্বাচন করুন। ৩. আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দিয়ে ভেরিফাই করে নিন।
বি.দ্র.: আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি Android 9 বা তার ওপরের ভার্সন হয় এবং আইফোন iOS 16 বা তার ওপরের ভার্সন হয়, তবেই আপনি পাসকী ব্যবহার করতে পারবেন। বর্তমানে WhatsApp, PayPal, Amazon ও Flipkart-এর মতো জনপ্রিয় অ্যাপগুলোতে পাসকী সুবিধা চালু হয়ে গেছে।
সাইবার অপরাধের এই যুগে পাসওয়ার্ডের দিন এবার শেষের পথে। বিশেষজ্ঞদের মতে, পাসকী ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি প্রায় ৯০% পর্যন্ত কমে যায়।