ফিশরোল আর মিষ্টিতে বাজিমাত! নবান্নে বিরোধী আপ্যায়ণে চমকে দিলেন শুভেন্দু

এসআইআরের ট্রাইব্যুনাল নিয়ে আলোচনার জন্য শুক্রবার দুপুরে নবান্নে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোট ১৩ জন বিরোধী বিধায়ক। আর সেখানেই তাঁদের নজিরবিহীনভাবে আপ্যায়ণ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী শিবিরের জনপ্রতিনিধিদের জন্য নবান্নে ছিল জবরদস্ত মেনু। ফিশরোল, চিকেন স্প্রিং রোল থেকে শুরু করে কালাকাঁদ, মিষ্টিসুখ, কুকিজের পাশাপাশি চা এবং ব্ল্যাক কফির এলাহি আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর এমন আন্তরিক আতিথেয়তায় রীতিমতো মুগ্ধ হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, আখরুজ্জামানরা।
নবান্ন থেকে বিধানসভায় ফিরে বিরোধী বিধায়করা মুখ্যমন্ত্রীর আপ্যায়ণের প্রশংসায় পঞ্চমুখ হন। ফিরহাদ হাকিম মন্তব্য করেন যে তিনি জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়—এই তিনজন মুখ্যমন্ত্রীকে দেখলেও এমন আপ্যায়ণ আগে কখনও পাননি। এদিনের এই রাজনৈতিক সৌজন্যমূলক বৈঠকটি ২০১৪ সালে নবান্নে বামফ্রন্ট নেতৃত্বকে দেওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ‘ফিশফ্রাই ডিপ্লোমেসি’-র স্মৃতি উসকে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিরোধী দলের প্রতি সম্মান প্রদর্শনে এবং আতিথেয়তায় পূর্বসূরিদের পিছনে ফেলে নয়া নজির গড়লেন বর্তমান মুখ্যমন্ত্রী।