ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’! শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন কে এই দেবেন্দ্রনাথ?

ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’! শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন কে এই দেবেন্দ্রনাথ?

নিট কেলেঙ্কারির পর এবার ঝাড়খণ্ডে শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন রাঁচির ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। প্রচারের আলো থেকে দূরে থেকে তিনি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে টানা সাতদিন ধরে অনশন করছেন। ৩৫ বছর বয়সি এই সমাজকর্মী সংস্কৃত ও কুড়মালি ভাষায় স্নাতকোত্তর এবং বি.এড ডিগ্রিধারী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সিল্লি কেন্দ্র থেকে প্রার্থী হয়ে পরাজিত হলেও সমাজ সংস্কারমূলক কাজ থেকে তিনি পিছপা হননি। দুর্নীতিগ্রস্ত পরীক্ষা পদ্ধতি বাতিল ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থন জুগিয়ে তিনি আজ হয়ে উঠেছেন ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’।

দেবেন্দ্রনাথের কথায়, রাজ্য সরকার ও কমিশনের আচরণে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের লড়াইয়ে শক্তি জোগাতেই তাঁর এই অনশন। তাঁর এই নিঃশব্দ অথচ দৃঢ় সংগ্রামের খবর পৌঁছেছে লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের কাছেও। তিনি ভিডিও কলে দেবেন্দ্রনাথের সঙ্গে কথা বলে তাঁকে কুর্নিশ জানিয়েছেন এবং সম্পূর্ণ অনশনের বদলে অন্তত তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন। দেশের দুই প্রান্তের এই দুই সমাজকর্মীর লড়াইয়ের ময়দান আলাদা হলেও, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে তাঁদের প্রতিবাদের ভাষা আজ এক সুতোয় বাঁধা পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *