বাবা-মায়েরা যা পারেনি তোমরা করে দেখিয়েছ! জেন জি-কে নিয়ে রাহুলের বড় বার্তা

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত ‘ছাত্রো কি গুঞ্জ’ অনুষ্ঠানে জেন জি প্রজন্মকে উদ্দেশ্য করে বড় মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন, বর্তমান প্রজন্ম তাদের বাবা-মায়েরাও যা পারেননি তা করে দেখিয়েছে এবং দেশের রাজনীতিতে ভয়কে জয় করতে শিখিয়েছে। অনুষ্ঠানটি থেকে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, মোদি সরকার কর্মসংস্থান সৃষ্টিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং বেকার যুবসমাজকে শুধুমাত্র রিলের নেশায় ডুবিয়ে রাখতে চাইছে। শিক্ষাব্যবস্থার অব্যবস্থা ও প্রশ্নফাঁস ইস্যুকে সামনে এনে রাহুল বলেন, কোটি কোটি টাকা খরচ করে ডিগ্রি মিললেও চাকরির কোনো গ্যারান্টি নেই, যা বর্তমান দেশকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
রাহুলের এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি শাসক শিবির। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কটাক্ষ করে জানিয়েছেন, প্রয়াগরাজে সময় না কাটিয়ে বিরোধী দলনেতার উচিত ছিল ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানো। উল্লেখ্য, ঝাড়খণ্ডে পরীক্ষার বেনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সে রাজ্যের ছাত্রসমাজ কংগ্রেস জোট সরকারের বিরুদ্ধেই তীব্র বিক্ষোভ দেখাচ্ছে। সবমিলিয়ে, জেন জি প্রজন্মকে নিজেদের রাজনৈতিক বাক্সে টানতে এবং কেন্দ্রের নীতিকে প্রশ্নবিদ্ধ করতে রাহুল গান্ধীর এই কর্মসূচি দেশের রাজনৈতিক মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।