চোখ এড়াতে পারল না সীমান্ত! ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা?

চোখ এড়াতে পারল না সীমান্ত! ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা?

জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চাউলহাটি বর্ডার আউটপোস্ট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অনুপ্রবেশ এবং চোরাচালানে বাধা দেওয়ায় সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে এক চা চাষিকে অপহরণের অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। অপহৃত ওই ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ। তিনি কুকুরজান গ্রাম পঞ্চায়েতের তসর পাড়ার বাসিন্দা। তাঁর চা বাগানটি বাংলাদেশ সীমান্তের অত্যন্ত কাছাকাছি হওয়ায় কাজের সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে জোর করে সীমান্তের ওপাড়ে নিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার খবর পাওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। অপহৃত ভারতীয় নাগরিককে সুস্থ শরীরে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সঙ্গে রাতেই ফ্ল্যাগ মিটিং করেন বিএসএফের ঊর্ধ্বতন কর্তারা। জানা গিয়েছে, বিজিবির হেফাজতেই রয়েছেন দীপঙ্কর। এদিকে প্রিয় ছেলেকে হারিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁর পরিবার। সীমান্ত এলাকায় এই ধরনের আকস্মিক ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *