মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এ আর রহমানের ছেলে! কেমন আছেন আমিন?

সপ্তাহের প্রথম ব্যস্ততম সকালেই এল এক বড় বিপদের খবর। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন অস্কারজয়ী সুরকার ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের ছেলে আমিন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যায় কোয়েম্বাটোরের দিকে যাওয়ার পথে কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে একটি উলটো দিক থেকে আসা গাড়ির সঙ্গে আমিনের পোর্সে গাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি ওয়াগনার আর গাড়ি আচমকা মূল রাস্তায় ওঠার সময় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার মুহূর্তে আমিনের সঙ্গে তাঁর এক বন্ধুও গাড়িতে উপস্থিত ছিলেন। বরাতজোরে দুজনেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এবং সামান্য চোট পেয়েছেন।
দুর্ঘটনার পর পরই আমিন ও তাঁর বন্ধুকে দ্রুত কাভেরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং তাঁরা নিরাপদে বাড়ি ফিরে যান। অন্যদিকে, অপর গাড়ির চালককেও অন্য একটি হাসপাতালে চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে তদন্তের স্বার্থে আডিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইংয়ের পুলিশ দুটি গাড়িই বাজেয়াপ্ত করেছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখতে একটি মামলা রুজু করা হয়েছে। বাবার খ্যাতির ছায়া থেকে বেরিয়ে সঙ্গীতের দুনিয়ায় নিজের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরির লড়াই চালাচ্ছেন আমিন।