উত্তরবঙ্গ কি বিচ্ছিন্ন হতে চলেছে! ১০ নম্বর জাতীয় সড়কের ভবিষ্যৎ নিয়ে চরম শঙ্কা!

শিলিগুড়ি-সিকিম যোগাযোগের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকায় বারবার ভূমিধস বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। প্রায় প্রতিদিন মাটি ও পাথরের চাই গড়িয়ে পড়ে অবরুদ্ধ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যা উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার উপক্রম করেছে। ভূগোলের গবেষক ও বিশেষজ্ঞদের মতে, হিমালয়ের এই নবীন ও দুর্বল পাহাড়ি অঞ্চলে অপরিকল্পিত রাস্তা চওড়া করার কাজ এবং অতিভারী বর্ষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নরম শিলা ও মাটিতে ফাটল ধরায় এবং ভারী যানবাহনের চলাচলের কারণে ধস থামানো অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে ওই এলাকায় হালকা যানবাহনের চলাচল শুরু হয়েছে। এতে বারদাং ও সিংটাম সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা সাময়িক স্বস্তি পেলেও জাতীয় সড়কের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অপরিকল্পিত ভূ-প্রকৃতির জেরে ধসের এই দৈনন্দিন চিত্র পর্যটন শিল্প ও সাধারণ জনজীবনকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। স্থায়ী সমাধান না হলে উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যবস্থা যেকোনো মুহূর্তে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।