ভোটার তালিকা থেকে নাম বাদ! নিট-চাকরিতে কি তবে বড় বাধা? হাইকোর্টের কড়া নির্দেশ

ভোটার তালিকা থেকে আচমকা নাম বাদ যাওয়ার জেরে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে এক নিট চিকিৎসাপ্রার্থী ও এক সরকারি চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। আগামী ১৩ অগস্ট নিটের কাউন্সেলিংয়ের আগে নাম না থাকায় আবেদনপত্র গ্রহণে অনীহা দেখা দিয়েছে, অন্যদিকে রাজস্ব দফতরের ‘গ্রুপ-সি’ পদে চূড়ান্ত নির্বাচিত হয়েও শুধু এই আইনি জটে আটকে রয়েছে যুবকের যোগদান। এই পরিস্থিতিতে মামলাকারীদের ভবিষ্যৎ বাঁচাতে বড় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও সংশ্লিষ্ট অ্যাপিলেট ট্রাইব্যুনালকে দ্রুত আবেদনগুলি নিষ্পত্তি করার কঠোর নির্দেশ দিয়েছেন। আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর নিট প্রার্থীর ক্ষেত্রে এক সপ্তাহ এবং অন্য মামলার ক্ষেত্রে দুসপ্তাহের মধ্যে এই জটিলতা কাটাতে বলা হয়েছে।
তালিকায় নাম না থাকায় পরিষেবা থেকে বঞ্চিত হওয়া সংক্রান্ত এই জট নিয়ে সরব হয়েছে দেশের শীর্ষ আদালতও। পশ্চিমবঙ্গ এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা মামলাগুলির বর্তমান নিষ্পত্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য তলব করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু আপিল দায়ের করলেই চলবে না, দ্রুত সেগুলির আইনি নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।