চাষের জমিতে বিবস্ত্র যুবতী আর অদূরেই প্রৌঢ়ের লাশ! শক্তিগড়ে জোড়া মৃত্যুর নেপথ্যে কোন রহস্য?

বর্ধমানের শক্তিগড় থানার হরিহরপুর চক এলাকার একটি চাষের জমি থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি এক যুবতীর কাদামাখা নগ্ন দেহ এবং অদূরেই এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার মুয়ে নদীর ধারের নির্জন ওই মাঠের মাঝে দেহ দুটি প্রথম দেখতে পান স্থানীয় কৃষকরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতদের এখনও কোনো পরিচয় জানা যায়নি।
কীভাবে মৃত্যু হলো ওই যুগলের এবং যুবতীর দেহ কেন সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ছিল, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। প্রৌঢ়ের পরনে লুঙ্গি ও জামা থাকলেও এই দু’জনের মধ্যে ঠিক কী সম্পর্ক ছিল কিংবা তাঁরা কীভাবে ওই এলাকায় পৌঁছলেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। মহিলাটি কোনো নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন কি না, পুলিশ সেই দিকটি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।