পুজো মিটলেই রাজ্যে পুরভোট! কী বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

রাজ্যের দীর্ঘ প্রতীক্ষিত পুরসভা নির্বাচন নিয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরে এক প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে তিনি জানান, আগামী ডিসেম্বর মাসেই রাজ্যে পুরভোট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যে পালাবদলের জেরে একাধিক পুরবোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। এদিন বাঁকুড়ায় পৌঁছানোর পর থেকেই স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাট, পানীয় জল, আবর্জনা সাফাই ও নিকাশি ব্যবস্থার মতো বিভিন্ন নাগরিক সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন।
সাধারণ মানুষের এই সমস্ত অভিযোগ অত্যন্ত মনোযোগ সহকারে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন পুরমন্ত্রী। পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় জানান, নাগরিক পরিষেবা সুনিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য এবং কোনো সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসক দিয়ে চলা পুরসভাগুলিতে দ্রুত নির্বাচিত বোর্ড ফিরিয়ে এনে স্বাভাবিক প্রশাসনিক কাজ চালুর পথ প্রশস্ত করতেই ডিসেম্বর নাগাদ এই পুরভোটের সম্ভাবনার কথা জানানো হয়েছে।