পরের ভোট চলে আসবে তো! এসআইআরের নিষ্পত্তি নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের!
পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বাদ পড়া ২৭ লক্ষ মানুষের আবেদন নিষ্পত্তির গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দায়ের করা মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, কাজের এই ধীর গতি চলতে থাকলে পরবর্তী বিধানসভা নির্বাচনের আগেও সমস্ত মামলার নিষ্পত্তি শেষ করা সম্ভব হবে না। উল্লেখ্য, নাম বাদ পড়া ভোটারদের আপিল শোনার জন্য রাজ্যে বর্তমানে ১৮টি ট্রাইবুনাল কাজ করছে। তবে এখনও পর্যন্ত ঠিক কতগুলি আবেদনের সঠিক নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সেইসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত।
অধীরের আইনজীবী আদালতে জানান, মুর্শিদাবাদ ও মালদহ জেলায় আবেদনকারীর সংখ্যা ব্যাপক হলেও নিষ্পত্তির হার অত্যন্ত কম। এর প্রেক্ষিতে অতিরিক্ত ট্রাইবুনাল গঠন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছে আদালত। পাশাপাশি, পুরো প্রক্রিয়াটির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত তথ্য পেশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ অগস্ট ধার্য করা হয়েছে।