পাঁচ বছরেই ১০০ কোটি টাকার সাম্রাজ্য! প্রাক্তন বিধায়কের স্বামীর অবিশ্বাস্য সম্পত্তির খোঁজে ইডি

সিন্ডিকেট চক্র ও তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। গত পাঁচ বছরেই প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস মিলল তাঁর নামে। বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামীর এমন বিপুল সম্পদের সন্ধান পাওয়ার পর সেই তথ্য ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে জানিয়েছে পুলিশ।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, দেবরাজের পরিচিত ও আত্মীয়দের নামে দমদম, নিউ টাউন, বাগুইআটি এবং উত্তরবঙ্গ জুড়ে প্রায় ৩০টি বেনামি সম্পত্তির খোঁজ মিলেছে। গত সপ্তাহেই বারাসাত আদালতে এই সংক্রান্ত চার্জশিট জমা দিয়েছে পুলিশ। রাজনৈতিক পালাবদলের পর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি ও অর্থপাচারের অভিযোগে চলতি মাসের শুরুতেই পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেফতার করা হয়। বর্তমানে এই চাঞ্চল্যকর দুর্নীতির তদন্ত আরও জোরদার করা হয়েছে।