অ্যাকাউন্ট ফ্রিজ হতেই শোরগোল! টাকা তুলতে ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাটপন্থী তৃণমূল!
পুলিশি পদক্ষেপে ফের আইনি লড়াইয়ের পথে নামল কালীঘাটপন্থী তৃণমূল। সাইবার অপরাধ সংক্রান্ত এফআইএরের ভিত্তিতে ইন্ডিয়ান ব্যাঙ্কের আরও চারটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কোনও ধরনের বেআইনি লেনদেন হয়নি। আগামী বুধবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘ফ্রিজ’ করা অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে সুরাহা না মিললেও, পুলিশের অন্য অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় পেয়েছিল কালীঘাট শিবির। আদালত নিযুক্ত বিশেষ অফিসারের যৌথ স্বাক্ষরের মাধ্যমে নির্দিষ্ট নিয়মে সেই অ্যাকাউন্টগুলির টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছিল। এ বার ঠিক একই নিয়মে পুলিশের সাম্প্রতিক পদক্ষেপে আটকানো বাকি অ্যাকাউন্টগুলি থেকেও দৈনন্দিন কাজকর্ম ও আইনি খরচের জন্য টাকা তোলার আর্জি জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছে সংশ্লিষ্ট পক্ষ।