আসছে ভয়াবহ দুর্যোগ! বুধবারই সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের চার জেলায় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা!

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপের কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবারই একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। এর জেরে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী চার জেলায় অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার থেকেই আবহাওয়ার পরিস্থিতির অবনতি ঘটবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূল ও অন্যান্য জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সতর্ক করা হয়েছে এবং সাধারণ মানুষকেও সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।