শুধু বেতনেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে ফাঁস তৃণমূলের অবিশ্বাস্য খরচের বহর!

শুধু বেতনেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে ফাঁস তৃণমূলের অবিশ্বাস্য খরচের বহর!

সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানিতে প্রকাশ্যে এসেছে দলের বিপুল মাসিক খরচের চাঞ্চল্যকর তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষের আইনজীবী কপিল সিব্বল আদালতে জানিয়েছেন, স্রেফ ২১৫ জন স্থায়ী কর্মীর বেতন বাবদ প্রতি মাসে দলটির খরচ হয় ৫১ লক্ষ ২৩ হাজার টাকার বেশি। এর পাশাপাশি ১৭টি দলীয় কার্যালয়ের ভাড়া বাবদ মাসিক খরচ প্রায় এক কোটি টাকা। এছাড়া নিরাপত্তা রক্ষী, বিভিন্ন এজেন্সির কর্মী এবং গাড়ি ভাড়াও যুক্ত রয়েছে এই বিশাল ব্যয়ের তালিকায়। দলের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্নে সচল রাখতেই এই বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন বলে সওয়াল করেন সিব্বল।

অন্যদিকে, ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে যে দলটির মোট ৪২টি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে মাত্র ৬টি ফ্রিজ করা হয়েছে। বাকি অ্যাকাউন্টগুলিতে পর্যাপ্ত তহবিল মজুত রয়েছে, যেখান থেকে অনায়াসে দৈনন্দিন খরচ চালানো যেতে পারে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি। আদালত পরিষ্কার জানিয়েছে, বিশেষ অফিসারের নজরদারিতে দল দৈনন্দিন খরচের জন্য টাকা তুলতে পারবে। তবে একটি আঞ্চলিক দলের এই আকাশছোঁয়া খরচের বহর এবং বিপুল এই টাকার উৎস নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *